Haldia Dock Complex cargo ships docked at port - Kolkata Port Trust aerial view

জনমত বাংলা নিউজ ডেস্ক : বন্দরের উন্নয়নে বড় ঘোষণা কেন্দ্রের! কলকাতা ও হলদিয়া বন্দরে জাহাজ চলাচল আরও মসৃণ করতে হুগলি নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ। নদীর নাব্যতা বাড়াতে পলি ও বালি সরানোর জন্য ৪৩০.৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের জন্য অনুমোদিত এই অর্থ বন্দরের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের অধীন কলকাতা ডক সিস্টেমে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হুগলি নদীর ২৩২ কিলোমিটার নৌপথ এবং হলদিয়া ডক কমপ্লেক্সের ১২৫ কিলোমিটার অংশে নিয়মিত ড্রেজিং করতে হয়। নদীতে পলি ও বালি জমতে থাকায় নৌপথের গভীরতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে সময়মতো পলি সরানো না হলে জাহাজ চলাচলে সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নদীতে পলি জমা একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তাই নিয়মিত ড্রেজিংয়ের জন্য আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বন্দরের নিজস্ব আয় ও সক্ষমতা বাড়িয়ে স্বনির্ভর হয়ে ওঠার পরিকল্পনাও প্রয়োজন। তাঁদের ধারণা, সাম্প্রতিক আর্থিক অনুমোদনের ফলে আগামী কয়েক বছর নৌপথের রক্ষণাবেক্ষণ আরও মসৃণ হবে। এতে বন্দরের কার্যকারিতা বজায় থাকবে এবং বাণিজ্যিক পরিবহণেও বিঘ্নের আশঙ্কা কমবে।

তবে আগামী দিনে ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় অনুদানের পরিমাণ ধাপে ধাপে কমানো হবে। ২০৩০-৩১ অর্থবর্ষের পর থেকে এই খাতে যাবতীয় খরচ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে মেটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সহায়তা পেতে হলে বেশ কিছু নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে বন্দর কর্তৃপক্ষকে। সেই বিষয়গুলি পর্যালোচনার পরই অনুদান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *