জনমত বাংলা নিউজ ডেস্ক : ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএল -এর মিনি নিলাম। তার আগে ট্রেড উইন্ডো ঘিরে উত্তেজনা তুঙ্গে। সবচেয়ে বেশি আলোচনায় হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন ভারতীয় তারকা অলরাউন্ডার, এমন জল্পনা ঘুরছে ক্রিকেট মহলে। গুজরাট টাইটান্সে ফেরার পথে অধিনায়কত্বই নাকি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে কলকাতা নাইট রাইডার্সে হার্দিক যোগ দিলে অধিনায়কত্বের সুযোগ পেতে পারেন তিনি, এমনই ইঙ্গিত ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। হার্দিকের ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন অশ্বিন?
ভারতীয় অলরাউন্ডারকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, এমনই সম্ভাবনার কথা জানালেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, কেকেআর-এ গেলে অধিনায়ক হওয়ার সুযোগ পেতে পারেন হার্দিক। তবে এই ট্রেড সহজ হবে না বলেই ইঙ্গিত অশ্বিনের। হার্দিককে পেতে মুম্বই ইন্ডিয়ান্স বরুণ চক্রবর্তীকে চাইতে পারে বলে তাঁর অনুমান। কিন্তু অভিষেক নায়ার কেকেআর-এর কোচ থাকলে বরুণকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম। তাই বিকল্প হিসেবে হর্ষিত রানা কিংবা রিঙ্কু সিংকে ট্রেড করার কথা ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজি, মনে করছেন অশ্বিন। যদিও হার্দিকের সম্ভাব্য দলবদল নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি।
মুম্বই ছাড়লে কোথায় যাবেন হার্দিক পান্ডিয়া? সম্ভাব্য গন্তব্যের তালিকায় গুজরাট টাইটান্সকেও রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, হার্দিককে ফেরানোর জন্য রশিদ খানকে ছাড়ার মতো বড় সিদ্ধান্তও নিতে পারে গুজরাট। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দলবদল নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হার্দিকের নতুন ঠিকানা হিসেবে লখনৌ সুপার জায়ান্টসকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না অশ্বিন। তাঁর মতে, কলকাতা, চেন্নাই, রাজস্থান, গুজরাট ও পাঞ্জাব—এই পাঁচ দলের মধ্যে কোনও একটিতে যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার। অশ্বিনের বক্তব্য, এবার দল বেছে নেওয়ার ক্ষেত্রে অধিনায়কত্বই হার্দিকের প্রধান শর্ত হবে, এমনটা মনে করেন না তিনি। বরং মুম্বই ছেড়ে নিজের জন্য সঠিক দল খুঁজতে চাইবেন হার্দিক।
