South City Towers Kolkata - high rise residential complex skyline view

জনমত বাংলা নিউজ ডেস্ক : শুক্রবার সকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় অগ্নিকাণ্ড ঘিরে ব্যাপক আতঙ্ক। সার্ভেন্টস কোয়ার্টারের পাশে আগুন লাগার খবর ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে বাসিন্দাদের নামিয়ে আনতে শুরু হয় তৎপরতা। আতঙ্কে হুড়োহুড়ির পরিস্থিতিও তৈরি হয় আবাসনে।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রের খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। রেসিডেন্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, ৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে যাদবপুর থানার পুলিশ ও দমকল বাহিনী।

কলকাতার অন্যতম অভিজাত এই আবাসনে রয়েছে চারটি টাওয়ার। ৩০ তলা বিশিষ্ট ৩ নম্বর টাওয়ারে আগুন লাগার খবর ছড়াতেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। এদিকে আগুন ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। ফলে লিফট ব্যবহারের কোনও সুযোগ ছিল না। প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়েই নিচে নামতে শুরু করেন বাসিন্দারা। শিশু ও বৃদ্ধদের নামাতেও রীতিমতো সমস্যায় পড়তে হয়। একসঙ্গে বহু মানুষের নামার চেষ্টায় তৈরি হয় হুড়োহুড়ির পরিস্থিতি। অন্যদিকে, ২৭ তলায় আগুন লাগায় দমকল কর্মীদেরও আগুনের কাছে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। সব মিলিয়ে সাউথ সিটির মতো অভিজাত আবাসনে সকাল থেকেই চরম আতঙ্ক।

শর্ট সার্কিট থেকেই কি সাউথ সিটিতে আগুন? অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও অজানা। তবে প্রাথমিক অনুমান, বিদ্যুতের গোলযোগ থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে। দমকলের একাধিক ইঞ্জিনের তরফে জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার আশ্বাস দমকলের। তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *