জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্গোৎসব শেষ, এবার কালীপুজোর কাউন্টডাউন শুরু। চলতি সপ্তাহের শেষেই দীপাবলির আলোয় সেজে উঠবে বাংলা। কালীপুজোর রাতে দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রস্তুত নৈহাটি বারাসাত ও মধ্যমগ্রাম । শুধু আশপাশের এলাকা নয়, দূরদূরান্ত থেকেও হাজার হাজার মানুষ ভিড় করেন এই পুজোগুলিতে। রাত জেগে প্রতিমা দর্শনের পর নিরাপদে বাড়ি ফেরার কথা ভেবেই এবার বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। দর্শনার্থীদের জন্য চালানো হবে স্পেশাল ট্রেন।
কালীপুজোয় ভিড় ও যাত্রীদের বাড়ি ফেরার সুবিধার কথা মাথায় রেখে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় ৬ জোড়া পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপ ও ডাউন দুই দিকেই চলবে অতিরিক্ত ট্রেন। বারাসাত, শিয়ালদহ, বনগাঁ, রানাঘাট, ব্যারাকপুর-সহ একাধিক রুটে মিলবে পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, আপের ট্রেনগুলি ছাড়বে রাত ১১টা থেকে রাত ১টা ৫০ মিনিটের মধ্যে। এর মধ্যে রয়েছে শিয়ালদহ-বারাসত, বারাসত-বনগাঁ, বারাসত-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-ব্যারাকপুর এবং শিয়ালদহ-রানাঘাট। একইভাবে ডাউন লাইনে থাকছে ডানকুনি-শিয়ালদহ, বারাসত-শিয়ালদহ, বনগাঁ-বারাসত, হাসনাবাদ-বারাসত, রানাঘাট-শিয়ালদহ এবং ব্যারাকপুর-শিয়ালদহ স্পেশ্যাল। রাত ১১টা থেকে রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়বে এই ট্রেনগুলি। ফলে কালীপুজোর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন যাত্রীরা।
তবে, রাতভর পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি নৈহাটি জংশনে প্ল্যাটফর্ম ব্যবস্থাতেও বদল আনছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২টি বিশেষ ট্রেনই প্রতিটি স্টেশনে থামবে, কোনও ট্রেন গ্যালোপিং করবে না। অন্যদিকে, ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা অবধি নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসেবে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পরিষেবা পাওয়া যাবে। তাই যাত্রীদের স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
