জনমত বাংলা নিউজ ডেস্ক : খাড়গের ‘মোদি কা বাপ ভি জায়েগা’ মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখনই পাল্টা তাৎপর্যপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দিন কয়েক আগে পাটনার এক অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ওই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। বিজেপির একাধিক নেতা এর প্রতিবাদে সরব হন। এবার গুজরাতের মাটি থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
বনসকাঁথা জেলার ভিলদিতে ‘ভারত গবাদি পশু প্রজনন ও গবেষণা কেন্দ্র’ উদ্বোধনের পর জনসভায় মোদি বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশবাসীর সেবা করে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।” একই অনুষ্ঠানে ১৪ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি।
এদিন ইরান যুদ্ধের সময় সার ও এলপিজি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগও তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধী পক্ষকে নিশানা করে তিনি বলেন, দেশের কঠিন পরিস্থিতিতেও কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন। কৃষকরা সার পাবেন না, সাধারণ মানুষ রান্নার গ্যাস পাবেন না—এমন প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ করেন মোদি। তাঁর দাবি, এর পিছনে তাঁকে হেয় করার উদ্দেশ্য ছিল। এরপর কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্বজুড়ে সারের দাম বাড়লেও কৃষকদের উপর সেই বাড়তি খরচের বোঝা চাপতে দেওয়া হয়নি। পাশাপাশি, পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে ক্ষুদ্র কৃষকদের জন্য ৪.৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে তাঁর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসআইআর নিয়ে বক্তব্য রাখার সময় এক দর্শকের মন্তব্যের জবাবে বিতর্কিত কথা বলেন তিনি। খাড়গের মন্তব্যের প্রতিবাদে কলকাতা-সহ দেশজুড়ে বিক্ষোভে নামে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, হতাশা থেকেই এমন মন্তব্য করছেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণে তাঁর বাবাকে টেনে আনা কুরুচিকর বলেও সরব হয়েছে বিজেপি।
