Rajasthan Royals player Robin Uthappa during IPL press conference with Dream11 Paytm backdrop

জনমত বাংলা নিউজ ডেস্ক : আইপিএল ২০২৭-এর প্রস্তুতি শুরু মুম্বই ইন্ডিয়ান্সের! নতুন মরশুমের আগে কোচিং বিভাগে বড়সড় পরিবর্তন আনল পাঁচবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে রবিন উথাপ্পার নাম ঘোষণা করল এমআই। তবে শুধু উথাপ্পাই নন, কোচিং স্টাফেও একাধিক নতুন মুখ যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘানকে বোলিং কোচ, টি দিলীপকে ফিল্ডিং কোচ এবং ধবল কুলকার্নিকে ডেভেলপমেন্ট বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সালের আইপিএলের আগে নতুন কোচিং টিম নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি মুম্বইয়ের।

নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পুরনো দলের ঘরেও ফিরলেন রবিন উথাপ্পা, মিচেল ম্যাকক্লেনাঘান এবং ধবল কুলকার্নি। তিনজনই একসময় খেলোয়াড় হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন নতুন কোচিং টিমে জায়গা পেলেন তাঁরা। লক্ষ্য একটাই, মুম্বই ইন্ডিয়ান্সকে ফের সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনা। ২০২০ সালের পর আর আইপিএল ট্রফি জেতেনি দলটি। গত মরশুমে নবম স্থানে শেষ করার পর এবার নতুন কোচিং টিমের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য থেকে এবার মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে রবিন উথাপ্পা। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য উথাপ্পা আইপিএলের প্রথম মরশুমে মুম্বইয়ের জার্সিতেও মাঠে নেমেছিলেন। ৪০ বছর বয়সে নতুন দায়িত্ব নিয়ে ফের পুরনো দলে ফিরছেন তিনি। উথাপ্পার অভিজ্ঞতা, ক্রিকেটীয় বোধ এবং তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার দক্ষতার প্রশংসা করে তাঁকে স্বাগত জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির এক্স হ্যান্ডেলে তাঁর প্রত্যাবর্তনকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

এদিকে, ভারতীয় দলের একাধিক আইসিসি ট্রফিজয়ী অভিযানের সঙ্গে যুক্ত থাকা টি দিলীপও যোগ দিচ্ছেন মুম্বইয়ের কোচিং বিভাগে। ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের কোচিং স্টাফে ছিলেন তিনি। এছাড়াও বোলিং বিভাগ সামলানোর দায়িত্ব পাচ্ছেন মিচেল ম্যাকক্লেনাঘান। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। চারটি আইপিএল শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাকক্লেনাঘানের। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টি বোলিং সম্পর্কে গভীর ধারণা নিয়ে ফিরছেন পুরনো ফ্র্যাঞ্চাইজিতে। তাঁর হাতে বোলিং কোচের দায়িত্ব তুলে দিয়ে লাসিথ মালিঙ্গা ও পরস মামব্রের জায়গায় নতুন মুখ আনছে এমআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *