জনমত বাংলা নিউজ ডেস্ক : নেপালে প্রবল তুষারপাতের জেরে আটকে পড়েছিলেন ৬ ভারতীয় পর্যটক। অবশেষে এক দিনেরও বেশি সময় পর সোমবার হেলিকপ্টারের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা ও চারজন পুরুষ। নেপালের ডোলপা জেলার শে ফোকসুন্ডো লেকে ট্রেকিং করতে গিয়ে বিপাকে পড়েন তাঁরা। তুষারপাতের কারণে শে ফোকসুন্ডো ন্যাশনাল পার্কে আটকে পড়েন ছয়জন। শনিবারের পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় তৎপরতা। সোমবার সকালে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।
প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও ট্রেকিংয়ে গিয়ে বিপাকে পড়েছিলেন ছয় ভারতীয় পর্যটক। ডোলপার পুলিশ আধিকারিক বিনয়া সিংয়ের দাবি, শে ফোকসুন্ডো এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। শে ফোকসুন্ডো রুরাল মিউনিসিপ্যালিটির ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় পৌঁছেছিলেন ওই পর্যটকরা। কাঠমান্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই এলাকা বর্তমানে ঘন বরফে ঢাকা। ডোলপার চিফ ডিস্ট্রিক্ট অফিসার জুনু ধাকালও জানিয়েছেন, ট্রেকিংয়ে যাওয়ার আগে পর্যটকদের সতর্ক করা হলেও শেষ পর্যন্ত তুষারপাতের জেরে বিপাকে পড়তে হয় তাঁদের।
শনিবার রাতের পর থেকে পর্যটকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার হেলিকপ্টারে রেকি চালিয়ে তাঁদের খোঁজ শুরু করে নেপালের সেনাবাহিনী। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেদিন উদ্ধারকাজ সম্ভব হয়নি। অবশেষে সোমবার সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করা হয় ছয় ভারতীয়কে। নুমলা ও ওয়াগলা পাসের কাছে বরফে ঢাকা এলাকায় আটকে ছিলেন তাঁরা। উদ্ধার করে প্রত্যেককে ডোলপা জেলার দুনে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বস্তির খবর, ছয় পর্যটকই সুস্থ রয়েছেন।
তবে নেপালের পাহাড়ি এলাকায় পর্যটকদের আটকে পড়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৫ সালের অক্টোবর মাসে মুস্টাংয়ের হিডেন ভ্যালিতে তিন ব্রিটিশ নাগরিক-সহ ১৫ জন পর্যটক আটকে পড়েছিলেন। পরে সেনাবাহিনীর হেলিকপ্টার তাঁদের উদ্ধার করে। এরপর নভেম্বর মাসে মুস্টাং-ডোলপা সীমান্তে আটকে পড়েন দুই নেপালি পর্যটক। তাঁদেরও হেলিকপ্টারে উদ্ধার করে সেনাবাহিনী।
