Indian cricketer in a blue Team India jersey holding a bat in one hand and a helmet in the other, walking across a green cricket field.

জনমত বাংলা নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১২৮ রানেই আটকে যায় নেপাল। ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়েন ঈশান সুদ ও অর্জুন রাজপুত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি ও বীরেন্দ্র সেওয়াগ-পুত্র আর্যবীরের ব্যাটে আসে সহজ জয়।

ভারতীয় বোলারদের দাপটে বড় রান তুলতেই ব্যর্থ নেপাল। প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে মাত্র ১২৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য লড়াই দর্শ সোনারের। তাঁর সংগ্রহ ৪৩ রান। আশিস লুহার ২৯ এবং নীরজ কুমার যাদব ২০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ভারতের হয়ে ঈশান সুদ ও অর্জুন রাজপুতের ঝুলিতে তিনটি করে উইকেট আসে। যশবীর গৌড় নেন দুটি উইকেট। কাব্য প্যাটেল ও মানাল চৌহান একটি করে উইকেট তুলে নেন।

এরপর লক্ষ্য রাজেশ রায়চন্দ্রাণী ও আর্যবীর সেওয়াগের ব্যাটে ভর করেই সহজ জয় তুলে নেয় ভারত। বিশেষ নজর কাড়লেন বীরেন্দ্র সেওয়াগ-পুত্র আর্যবীর। মাত্র ৫২ বলে সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭০ রান করেন তিনি। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিপক্ষ বোলারদের চাপে ফেলে দেন জুনিয়র সেওয়াগ। অন্যদিকে, লক্ষ্য রাজেশের সংগ্রহ ৬৩ বলে ৫৩ রান। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ১৯.১ ওভারেই ১২৯ রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরা হন ঈশান সুদ। প্রথম ম্যাচে বড় জয় পাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। আগামী ৮ নভেম্বর পাকিস্তান এবং ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *