জনমত বাংলা নিউজ ডেস্ক : সুমিত রায়কে নিয়ে এনকাউন্টারের আশঙ্কা! স্বামীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী। কিন্তু মঙ্গলবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাটি এবার নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
নগদ টাকা উদ্ধারের ঘটনায় সুমিতকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ, এমনই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের স্ত্রী সুস্মিতার। হাইকোর্টে তাঁর দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে স্বামীর কোনও যোগসূত্র নেই। পরিকল্পিতভাবে তাঁকে ওই ঘটনায় জড়ানোর চেষ্টা চলছে। এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। পুলিশ আধিকারিক অভিষেক মজুমদারের বক্তব্য, সুমিতকে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার সন্ধান পাওয়া গিয়েছে। তবে পুলিশের এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে গোটা ঘটনা সাজিয়েছে পুলিশ। পাশাপাশি, তাঁর আপ্তসহায়ক সুমিতকে এনকাউন্টারে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
