Silhouettes of three people on a street at night bursting fireworks, with bright colourful sparks and smoke rising in the dark.

জনমত বাংলা নিউজ ডেস্ক : নিয়মের কড়াকড়ি, প্রশাসনের সতর্কবার্তা—কিছুতেই থামল না শব্দবাজির দাপট! কালীপুজোর সন্ধে থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে চলল নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। শব্দবাজি ফাটানোয় জারি ছিল সম্পূর্ণ নিষেধাজ্ঞা। কিন্তু সেই নির্দেশিকা কার্যত অমান্য করেই চলল বাজির দাপাদাপি। তবে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে শহরজুড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২০৫ জনকে।

জানা গিয়েছে, কালীপুজোর রাতে কলকাতায় পুলিশের কড়া অভিযানে গ্রেফতারের সংখ্যা হাজার ছুঁইছুঁই! নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে ধরা পড়েছেন ২০৫ জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার আরও ৩৮৭ জন। অর্থাৎ, সবমিলিয়ে কালীপুজোর রাতে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে ২৩৮.৬ কেজি শব্দবাজি ও ৬ লিটার মদ। পাশাপাশি ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও চলেছে অভিযান। হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রবিবার রাতে গ্রেফতার হয়েছেন আরও ৫৯৩ জন।

কালীপুজোর রাতে সরকারি নির্দেশিকা অমান্য করে নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-নেত্রী থেকে সমাজকর্মীরা। কলকাতা পুলিশকে ট্যাগ করে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, ‘কখন থামবে এই শব্দের দাপট? ঘুমোতে পারছি না।’ অন্যদিকে, নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ময়দানে নামেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাতে পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *