জনমত বাংলা নিউজ ডেস্ক : কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে অশান্তির ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও। এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। তার মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। এবার সেই প্রসঙ্গেই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তাঁর বক্তব্য, পুলিশের উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জিরো টলারেন্স নীতিতে চলবে প্রশাসন। একইসঙ্গে, কালীঘাটের অশান্তির নেপথ্যে একবালপুরের লোকজনের ভূমিকা ছিল বলেও দাবি করেন তিনি।
সোমবার দিঘায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের গায়ে হাত তোলা, চড় মারা কিংবা হুমকি দেওয়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া চলবে না। তাঁর কথায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ধারায় মামলা হওয়া উচিত। ইতিমধ্যেই সরকারি কাজে বাধা দেওয়ার ভিডিয়ো খতিয়ে দেখে মামলা দায়ের করেছে পুলিশ। আহত পুলিশকর্মীদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ঘটনায় চার্জশিট পেশ করা হবে, পাশাপাশি কাস্টডি ট্রায়ালও হবে। গোটা ঘটনায় জিরো টলারেন্স নীতির কথাই ফের স্পষ্ট করলেন তিনি।
উল্লেখ্য, কালীঘাটে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা দু’জনেই কালীঘাটের তৃণমূল নেতা বলে দাবি। তাঁদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিজেপি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘটনায় হরিশ চ্যাটার্জি কিংবা হরিশ মুখার্জি রোডের কেউ জড়িত নন। ধৃতরা একবালপুরের লোক বলেই দাবি তাঁর। রাত ২টোর সময় একবালপুর থেকে বিশেষ কিছু লোক অভিষেকের বাড়ির সামনে কেন গিয়েছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
