Close-up of a man with short black hair and a moustache, wearing a grey hoodie with an orange collar, standing in front of a light-coloured brick wall and looking at the camera.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ফের এনকাউন্টারের ঘটনা বাংলায়। পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাংলা-বিহার সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু দিলীপ রায়ের। অভিযোগ, এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল সে।

গত মঙ্গলবার ঘটে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনা। বৃহস্পতিবার জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। ঘটনার পর থেকেই অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত। সেই সূত্র ধরেই কালীপুজোর রাতে পাড়ারপুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দিলীপ। পুলিশের গাড়ির চাকায়ও একাধিকবার গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, অভিযুক্ত দিলীপ রায় সম্পর্কে ওই ১২ বছরের নাবালিকার জেঠু। গত মঙ্গলবার কুলিক নদী দেখানোর নাম করে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় সে। তারপর থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে উদ্ধার হয় তার দেহ। অভিযোগ, ওই জঙ্গলের মধ্যেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে খুন করে দিলীপ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। রবিবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তের পাড়ারপুকুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ে সে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দিলীপ। পাল্টা গুলিতে মৃত্যু হয় তার।

উল্লেখ্য, এনকাউন্টার নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষায় পুলিশকে ‘খোলা হাত’ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধ ঘটলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। যারা মা-বোনেদের অসম্মান করবে, তাদের পরিণতি কী হতে পারে, তা সবাই দেখতে পাচ্ছে বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হুঁশিয়ারির মাত্র ১১ দিনের মাথায় রায়গঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *