A body covered with a white sheet lying on the floor in a dark room, with only one hand visible outside the sheet.

জনমত বাংলা নিউজ ডেস্ক : নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার এনআরএসের হাউস স্টাফের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি। নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাঁকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় মৃত চিকিৎসক অভিজিতের একাধিক পোস্ট ঘিরে দানা বাঁধছে রহস্য। মৃত্যুর আগে একটি পোস্টে কার্যত অসহায়ভাবে সাহায্যের আবেদন জানিয়ে তিনি লিখেছিলেন, হস্টেলে কয়েকজনের আচরণের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের ক্ষমতাশালী বলেও সন্দেহ করেছিলেন তিনি। দ্রুত সুরক্ষা ও নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করার আবেদনও জানান। অন্য একটি পোস্টে অভিজিতের লেখা, ‘আমি আর পেরে উঠছি না।’ চিকিৎসকের রহস্যমৃত্যুর পর সামনে আসা এই পোস্টগুলি ঘিরে বাড়ছে উদ্বেগ।

ঘটনায় মৃতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অভিজিৎ। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। গ্রামের ছেলে, মাটির মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। এমন একজনের এভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। পরিবারের আরও অভিযোগ, অভিজিতের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যাচ্ছিল না। অথচ তিনি একের পর এক হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছিলেন। পরিবারের সন্দেহ, তাঁকে হয়তো ইচ্ছাকৃতভাবে ফোনে কথা বলতে বাধা দেওয়া হচ্ছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের উপরেও প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কার কথাও স্টেটাসে ইঙ্গিত করেছিলেন অভিজিৎ বলে দাবি পরিবারের। সেই থেকেই উদ্বিগ্ন ছিলেন তাঁরা। বর্তমানে ঘটনার তদন্ত করছে পুলিশ। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *