Indian cricketer Mohammed Shami in a white Test jersey tossing a red cricket ball in the air with one hand, looking down at it on the field.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বারবার ভাল পারফরম্যান্স, তবুও জাতীয় দলে ব্রাত্য! দীর্ঘদিন ধরেই টেস্ট দলে ফেরার অপেক্ষায় ছিলেন মহম্মদ শামি। রঞ্জি থেকে দলীপ, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেও নির্বাচকদের নজরে আসেননি তিনি। শেষ পর্যন্ত কি অভিমানেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় পেসার? শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ১৩ বছরের টেস্ট কেরিয়ারের ইতি টানার ঘোষণা করেন শামি।

অবসরের ঘোষণা দিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন মহম্মদ শামি। তিনি লেখেন, “একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করা সহজ ছিল না। মা-বাবা, পরিবার ও বন্ধুদের পাশে পেয়েছি বলেই এই জায়গায় পৌঁছতে পেরেছি। এর জন্য প্রচুর পরিশ্রমও করেছি। আজ আমার অভিষেকের ১৩ বছর পূর্ণ হল। এই দীর্ঘ যাত্রায় যাঁরা পাশে থেকেছেন, সেই সমর্থকদেরও ধন্যবাদ জানাই। আজ এই ১৩ বছরের সফরকে বিদায় জানাতে হচ্ছে। সবাই ভাল থাকবেন। বিসিসিআই এবং বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ ও শুভেচ্ছা।”

ইডেন গার্ডেন্সেই শুরু হয়েছিল মহম্মদ শামির টেস্ট যাত্রা। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন নিজের দক্ষতা। তারপর থেকে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন এই পেসার। বাংলার হয়েও রঞ্জি ট্রফিতে খেলেছেন নিয়মিত। ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকেই জাতীয় টেস্ট দলে আর সুযোগ পাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করেও উপেক্ষিত থাকতে হয়েছে। তাহলে কি দীর্ঘদিনের সেই আক্ষেপ থেকেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন শামি? তবে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেটে খেলবেন শামি। পাশাপাশি চালিয়ে যাবেন আইপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *