Split image: On the left, Indian cricketer Virat Kohli in a blue India jersey holding up his cricket bat on the field. On the right, former cricketer Sunil Gavaskar wearing a white hat with sunglasses on top and a blue blazer.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির স্বপ্নের দিকে আরও এক ধাপ এগোতে চান বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের ঐতিহাসিক নজির স্পর্শ করার অপেক্ষায় ক্রিকেটমহল। তবে কোহলির সেঞ্চুরি নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে ৫১ বলে ৭৪ রান করে আউট হন কোহলি। গাভাসকরের মতে, তিনি আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে শ্রেয়স আইয়ার ও শুভমান গিলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারত। কিন্তু কেন এমন বললেন গাভাসকর?

কোহলির সেঞ্চুরির জন্য কি নিজেদের ব্যাটিংয়ে আপস করতে হতো সতীর্থদের? সুনীল গাভাসকরের বক্তব্যে উঠে এল সেই প্রশ্ন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, কোহলিকে শতরানের সুযোগ করে দিতে শ্রেয়স আইয়ার ও শুভমান গিলকে হয়তো রান তোলার গতি কমাতে হতো। আর তাতে তাঁদের ব্যাটিং নিয়েই প্রশ্ন উঠতে পারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে ১২৪-৩ স্কোরে কোহলি আউট হন। তখন ভারতের জয়ের জন্য খুব বেশি রান বাকি ছিল না। কোহলি যদি নব্বইয়ের ঘরে পৌঁছতেন, পরিস্থিতি আরও জটিল হতে পারত বলে মনে করেন গাভাসকর।

ব্যক্তিগত রেকর্ড বনাম দলের জয়—এই দুইয়ের ভারসাম্যের কথাই মনে করিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে, কোহলি সত্তরের ঘরে আউট হওয়ায় শ্রেয়স ও গিলকে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়নি। কোহলির সেঞ্চুরির জন্য তাঁরা যদি রান তোলার গতি কমাতেন, তা হলে ম্যাচ জিততে দেরি হওয়ার কারণে সমালোচনার মুখে পড়তে পারতেন। আবার কোহলির মাইলফলক পূরণে সাহায্য করতে গিয়ে নিজেরা রান না করলেও প্রশ্ন উঠত। গাভাসকরের বক্তব্য, দলের তারকা ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্য অবশ্যই উদ্‌যাপনের বিষয়। তবে সেই সাফল্যের জন্য দলের জয়ের সম্ভাবনা কখনও বিসর্জন দেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *