জনমত বাংলা নিউজ ডেস্ক : অ্যাপলের আইফোন যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ গ্যাস দুর্ঘটনা! তামিলনাড়ুতে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু ৩ শ্রমিকের। সোমবার রাতের এই ঘটনায় তদন্তে নেমেছে সংস্থা কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে আলাদা করে তদন্ত শুরু করেছে তামিলনাড়ু প্রশাসনও।
ভারতে আইফোন তৈরির অন্যতম বড় দায়িত্ব টাটা ইলেকট্রনিক্সের কাঁধে। দেশের মোট আইফোন অ্যাসেম্বলিংয়ের প্রায় ৪০ শতাংশ করে এই সংস্থা। বাকি অংশের দায়িত্বে রয়েছে ফক্সকন। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক সমস্যায় জর্জরিত টাটা। কখনও আইফোন উৎপাদন ব্যবস্থায় সাইবার হামলা, কখনও আবার জলদূষণ বিতর্ক—বারবার উঠেছে প্রশ্ন। এবার কারখানায় বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় নতুন করে চাপে পড়ল সংস্থাটি।
জেলা প্রশাসন সূত্রে খবর, হোসুরের কারখানায় বর্জ্য জল শোধনাগারের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় একটি ন্যানো-ফিল্ট্রেশন ট্যাঙ্ক পরীক্ষা করতে গিয়ে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। গ্যাসের কবলে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ওই শোধনাগার পরিচালনার দায়িত্বে ছিল নালকো ওয়াটার, যা মার্কিন সংস্থা ইকোলাবের অংশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শ্রমিকদের চিকিৎসার সুযোগ পর্যন্ত মেলেনি।
