A split image of two cricketers — on the left, Hardik Pandya in a blue Mumbai Indians jersey, cap and green sunglasses, and on the right, Arshdeep Singh in a red Punjab Kings jersey and black turban, raising one finger.

জনমত বাংলা নিউজ ডেস্ক : পাঞ্জাবের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ! এবার নতুন ঠিকানা মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের আগামী মরশুমে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে চলেছেন তারকা পেসার অর্শদীপ সিং। দীর্ঘদিন ধরেই তাঁর দলবদল নিয়ে জল্পনা চলছিল। অবশেষে অর্শদীপের বাবার বক্তব্যে সেই জল্পনা আরও জোরাল হয়েছে। তাঁর দাবি, মুম্বইয়ে যোগ দেওয়ার জন্য ট্রেডের সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

হার্দিক পাণ্ডিয়াকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়েছিল একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের পাশাপাশি শেষবেলায় দৌড়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত বাজিমাত করে প্রীতি জিন্টার দল। তবে হার্দিককে দলে নেওয়ার বিনিময়ে নিজেদের অন্যতম নির্ভরযোগ্য পেসার অর্শদীপ সিংকে ছেড়ে দিতে হচ্ছে পাঞ্জাবকে। পাঞ্জাবের সঙ্গে অর্শদীপের সম্পর্ক প্রায় আট বছরের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের পর থেকেই এই দলের হয়ে নিজের জায়গা তৈরি করেছিলেন ভারতীয় তারকা পেসার। কিন্তু এত বছর খেলেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। ফলে বুমরাহ-অর্শদীপ জুটিতে আরও শক্তিশালী হতে পারে মুম্বইয়ের বোলিং বিভাগ। যদিও দুই ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অর্শদীপের দলবদল নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন তাঁর বাবা। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর বাবা নিজেই ট্রেডের খবর নিশ্চিত করেছেন। যদিও হঠাৎ এই দলবদলে কিছুটা মনখারাপ পেসারের পরিবারের। তবে মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজিতে অর্শদীপ খেলবেন বলে তাঁরা খুশি। তাঁর বাবার কথায়, সব দলই নিজেদের শক্তিশালী করতে চাইছে, সেই কারণেই এই ট্রেড। অন্যদিকে, অর্শদীপের দলবদলের সঙ্গে সঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ফের বিচ্ছেদ ঘটল হার্দিক পাণ্ডিয়ার। একসময় মুম্বই ছেড়ে গুজরাটে গিয়ে অধিনায়ক হিসেবে দলকে আইপিএল জিতিয়েছিলেন তিনি। এবার পাঞ্জাবে নতুন ঠিকানা। তবে সেখানে অধিনায়কত্বের দায়িত্ব কি হার্দিকের হাতে উঠবে, নাকি শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই খেলবেন তিনি? সেই প্রশ্ন ঘিরেই বাড়ছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *