An aerial view of a busy city intersection covered in thick smog and haze, with elevated metro tracks curving above the roads, cars, buses and auto-rickshaws moving below, and buildings barely visible in the distance.

জনমত বাংলা নিউজ ডেস্ক : দূষণের ভয়াবহ ছবিতে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে! বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের। দীপাবলির পর দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরের বাতাসের মান নিয়ে যখন উদ্বেগ তৈরি হয়েছে, তখন সামনে এল আরও চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। সাম্প্রতিক AQI রিপোর্ট অনুযায়ী, একাধিক শহরের বাতাসের মান ‘খুব খারাপ’ থেকে ‘বিপজ্জনক’ স্তরে পৌঁছেছে। কোন শহর রয়েছে দূষণের শীর্ষে? তালিকায় ভারতের কোন কোন শহরের নাম রয়েছে?

সূত্রের খবর, বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন রাজস্থানের শ্রীগঙ্গানগর। মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিটে শহরটির AQI ছিল ভয়াবহ ৮২১। তালিকার দ্বিতীয় স্থানে পাঞ্জাবের ভাটিণ্ডা (৬২৯), তৃতীয় স্থানে হরিয়ানার সির্সা (৫৪৪)। এরপর রয়েছে হিসার (৫১৬) ও ফরিদকোট (৫০৬)। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ধূলিকণার ঘন আস্তরণ তৈরি হয়েছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের শহরগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক। অধিকাংশ জায়গাতেই দূষণের মাত্রা ৪০০-র আশপাশে।

দিল্লির AQI কিছুটা কমলেও দেশের দূষণ পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার রাজধানীর বাতাসের মানের সূচক ছিল ৩৯৩। বিশ্বের দূষিততম শহরের তালিকায় দিল্লি রয়েছে ২৪ নম্বরে। কিন্তু দূষণের ভয়াবহতা শুধু রাজধানী বা সংলগ্ন এলাকাতেই আটকে নেই। লুধিয়ানা, পাটিয়ালা, বুদৌন, জৌনপুর এবং গোরক্ষপুরের মতো দূরবর্তী শহরও ঢুকে পড়েছে বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের তালিকায়। ফলে স্পষ্ট, দূষণের সমস্যা গোটা উত্তর ভারতজুড়েই ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, এই তালিকায় ভারতের বাইরে একমাত্র পাকিস্তানের লাহোর রয়েছে। শহরটির AQI ৪৩০, বিশ্বতালিকায় স্থান ১৪তম।

দূষণের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দিল্লির মন্ত্রী কপিল মিশ্রর দাবি, আপশাসিত পাঞ্জাবে ইচ্ছাকৃতভাবে ফসলের খেতে আগুন লাগানো হচ্ছে। ফসলের গোড়া পোড়ানোর ঘটনাকেই দূষণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। যদিও কপিল মিশ্রর অভিযোগ খারিজ করেছে আম আদমি পার্টি। এদিকে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই প্রকাশ্যে এসেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকা। সেখানে প্রথম ৫০টির মধ্যে ৪৯টি শহর ভারতের। যা নিয়ে আন্তর্জাতিক স্তরে অস্বস্তিতে দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *