জনমত বাংলা নিউজ ডেস্ক : চোরবাগান কাণ্ডে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, দুর্ঘটনায় আহত ২৫ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

চোরবাগানের ঘটনা নিয়ে রবিবার সকালে উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি, আহতদের চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিজে গিয়ে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কোনও জায়গায় অতিরিক্ত ভিড় জমলে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক ভিআইপি লাইন বন্ধ করার নির্দেশও দিয়েছেন তিনি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *