জনমত বাংলা নিউজ ডেস্ক : দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা! ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর কথা জানাল কেন্দ্র। বুধবারের এই ঘোষণায় লাভবান হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী। সরকারি নিয়ম অনুযায়ী, সাধারণত প্রতি বছর দু’দফায় ডিএ বৃদ্ধি করা হয়। কর্মীদের বেসিক পে-র নির্দিষ্ট শতাংশ হিসেবে এই ভাতা দেওয়া হয়। মূলত বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রভাব সামাল দিতে এবং কর্মীদের আর্থিক সুবিধা দিতেই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ফের ৩ শতাংশ বাড়ানো হল মহার্ঘ ভাতা বা ডিএ। ফলে এতদিন ৬০ শতাংশ হারে ডিএ পাওয়া কর্মীরা এবার পাবেন ৬৩ শতাংশ হারে ভাতা। সরকারি এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী। পাশাপাশি, কেন্দ্রের ডিএ-র হার বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ব্যবধান বেড়ে হল ২৫ শতাংশ। গত ১৮ এপ্রিল শেষবার ৬০ শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। এবার এই বৃদ্ধিকে দীপাবলির উপহার হিসেবে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল মোদি সরকার। সেই বর্ধিত ভাতা কার্যকর হয়েছিল জানুয়ারি মাস থেকে। এবার আরও ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। নতুন এই বৃদ্ধির সুবিধা গত জুলাই মাস থেকে মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশে দাঁড়ায়। সেই সময় কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। এবার কেন্দ্রের ডিএ ৬৩ শতাংশ হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান আরও বৃদ্ধি পেল।
