জনমত বাংলা নিউজ ডেস্ক : গালওয়ান সংঘর্ষের সাত বছর পর মুখোমুখি নরেন্দ্র মোদী ও চীন প্রেসিডেন্ট শি জিনপিং। নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের মঞ্চে এক হাইভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন মোদী এবং জিনপিং। শনিবার দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছান চিনা প্রেসিডেন্ট। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। বিমানবন্দরে তাঁকে ঐতিহ্যবাহী মণিপুরী ও অসমীয়া লোকনৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়।
গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম ভারতের মাটিতে পা রেখলেন চিনা প্রেসিডেন্ট। ২০২০ সালের জুন মাসে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন এবং চিনের বেশ কয়েকজন সেনাও নিহত হন। সেই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ফলে ভারতের মাটিতে দুই রাষ্ট্রপ্রধানের এই দ্বিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক সহ দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
প্রসঙ্গত, প্রথমবার ২০১৪ সালে ভারতে এসেছিলেন শি জিনপিং। এরপর ২০১৬ সালে গোয়ায় আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। এবং ২০১৯ সালে তামিলনাড়ুর মহাবলীপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফের ভারতে এসেছিলেন জিনপিং। তারপর কেটে গেছে সাত বছর। দীর্ঘ বিরতির পর দিল্লিতে ফের মোদী- জিনপিং মুখোমুখি। সীমান্ত উত্তেজনা কমিয়ে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর বিশ্ব রাজনীতির।
