জনমত বাংলা নিউজ ডেস্ক : চার দশকের পুরোনো ইতিহাস ভেঙে চুরমার। এশিয়ান গেমসের মহিলাদের ৪০০ মিটার হার্ডলস ফাইনালে ঝড় তুললেন বিদ্যা রামরাজ। ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সে ব্রোঞ্জ মেডেল জিতলেন তিনি। শুধু পদকই নয়, এর সঙ্গে ৪২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভাঙলেন তামিলনাড়ুর ২৮ বছর বয়সি এই অ্যাথলিট। ভেঙে দিলেন কিংবদন্তি পিটি ঊষার দীর্ঘদিনের রেকর্ড।
১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৪০০ মিটার হার্ডলসে ৫৫.৪২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন পিটি ঊষা। ভারতীয় অ্যাথলেটিক্সে এটাই ছিল সবচেয়ে দীর্ঘদিন টিকে থাকা রেকর্ড। সোমবার জাপানের আইচি-নাগোয়ায় স্বয়ং পিটি ঊষার সামনেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিদ্যা। ভারতীয় অলিম্পিক সংস্থার সভানেত্রী হিসেবে এশিয়াডের গ্যালারিতে উপস্থিত ছিলেন পিটি ঊষা। মহাতারকার চোখের সামনেই তাঁর ৪০ বছরের পুরোনো নজির ভাঙলেন কোয়েম্বাটোরের মেয়ে।
জায়ান্ট স্ক্রিনে রেকর্ড ভাঙার খবর ফুটে উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিদ্যা। ট্র্যাকের মধ্যেই নাচতে শুরু করেন। গত এশিয়ান গেমসের হিটে ৫৫.৪২ সেকেন্ডে দৌড়ে পিটি ঊষার রেকর্ড স্পর্শ করেছিলেন। মাত্র ০.০১ সেকেন্ডের জন্য সেবার রেকর্ড ভাঙতে পারেননি। এবার সেই আক্ষেপ পুরোপুরি মিটিয়ে নিলেন। এবারের এশিয়াডে এটি তাঁর দ্বিতীয় মেডেল। এর আগে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে রুপো জেতে ভারতীয় দল, সেই দলে ছিলেন বিদ্যাও। হার্ডলসে এশিয়ান গেমসে এটি তাঁর পরপর দ্বিতীয় ব্রোঞ্জ। ২০১৮ জাকার্তা এশিয়াডে অনু রাঘবন ব্রোঞ্জ জেতার পর এই ইভেন্টে ভারতের টানা তৃতীয় পদক এটি। এরপর মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতেও দৌড়বেন তিনি।
