জনমত বাংলা নিউজ ডেস্ক : বয়স শুধুই সংখ্যা! ৬০ বছর বয়সেও নিজের স্টাইলে নতুন করে চমকে দিচ্ছেন শাহরুখ খান। কোভিড পরবর্তী সময়ে ২০২৩ সালে একের পর এক ছবির সাফল্যে বক্স অফিসে ঝড় তুলেছিলেন বলিউডের বাদশা। এবার দীর্ঘ বিরতির পর ‘কিং’ রূপে ফিরতে চলেছেন তিনি। আর সেই প্রত্যাবর্তনের আভাস মিলতেই উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার, যেখানে খোলা শার্ট, হাতে বন্দুক আর ঠোঁটে গোলাপ নিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন শাহরুখ। তাঁর এই লুক দেখে অনেকেরই প্রশ্ন—৬০-এ এসেও কীভাবে এমন চমক ধরে রাখেন বলিউড সুপারস্টার?
শাহরুখের ‘কিং’ অবতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল! ছবির নতুন পোস্টার শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্টটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসা আর শুভেচ্ছায়। ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া, কাতিল নেহি, আশিক হুঁ…।’ এই একটি লাইনেই যেন ধরা পড়েছে তাঁর অন্য রকম মেজাজ। দীর্ঘদিন রোম্যান্টিক হিরো হিসেবে পরিচিত থাকলেও, শাহরুখ নিজেকে সময়ের সঙ্গে বদলে ফেলেছেন। এখন অ্যাকশন অবতারেও দর্শকের মন জয় করছেন তিনি। ‘কিং’-এর নতুন পোস্টার সেই উন্মাদনায় যেন আরও খানিকটা আগুন ঢেলে দিল।
‘কিং’-এ শাহরুখের নতুন অবতার দেখে মুগ্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। এক অনুরাগীর কথায়, ‘আশিক রূপে ফিরে এসেছে চারিদিকে রাজত্ব করতে।’ অন্য একজন লিখেছেন, ‘এই জন্যই তুমি সুপারস্টার।’ শাহরুখের নতুন অবতারে মুগ্ধ শালিনী পাসিও! ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর পরিচিত মুখ অভিনেতার লুকের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ! এবার শো টাইম!’
উল্লেখ্য, প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ‘কিং’। কারণ প্রতিযোগিতার ময়দানে থাকছে একাধিক বড় ছবি। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’-র মতো আন্তর্জাতিক ছবির পাশাপাশি রয়েছে নাগার্জুনের ১০০তম ছবি ‘কিং১০০’। এত বড় বড় ছবির ভিড়ে শাহরুখের ‘কিং’ কতটা দাপট দেখাতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই বাড়ছে কৌতূহল।
