জনমত বাংলা নিউজ ডেস্ক : দিল্লিতে নামতেই আটক ককরোচ জনতা পার্টির ৩ শীর্ষ নেতা! বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই পাকড়াও অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে। সূত্রের খবর, আটকের পর প্রাইভেট গেট দিয়ে বাইরে বের করে বাসে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের।
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে বিমানের ভিতরেই ঘিরে ফেলা হয়েছে দীপকেদের। প্লেন ল্যান্ড করার পর অন্য যাত্রীরা নামছেন, সেই ফাঁকে পুলিশ ঢোকে ভিতরে। পুলিশকে দেখেই ক্ষোভ উগরে দেন দীপকে, বলেন এটা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকেও ছাপিয়ে গেছে, স্বৈরাচারের চূড়ান্ত। এরপরই বিমানের ভিতরে দু’পক্ষই স্লোগান দিতে শুরু করে। একদিকে ‘ভারতমাতা কি জয়’, অন্যদিকে দীপকেদের ‘ইনকিলাব জিন্দাবাদ’। এরপর মহিলা পুলিশ অফিসার এগিয়ে এসে তাঁদের নেমে আসতে বলেন। দীপকে তখন বলেন, “আমি তো অ্যারেস্ট হতেই এসেছি।” এর পাল্টা জবাব দিল্লি পুলিশের, তাঁরা বলেন “এটা গ্রেফতার নয়, সহযোগিতা করুন।”
দীপকদের আটকের পরেই সরব সিজেপি। তাঁদের অভিযোগ, “দিল্লিতে নামতেই আমাদের নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে স্বৈরাচারী কায়দায় আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। দিল্লি পুলিশ চায় না আজকের শান্তিপূর্ণ প্রতিবাদ হোক, তাই পরিকল্পনা করেই নেতাদের আটকেছে যাতে তাঁরা বিক্ষোভস্থলে পৌঁছতে না পারেন। অবিলম্বে তিনজনের মুক্তি চাই।”
এদিকে, ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপি নেত্রী রত্না সিংকে আগেই আটক করেছিল পুলিশ। সেই ঘটনার পরই দীপকরা বলেছিলেন, দিল্লিতে নামলেই তাঁদেরও আটক করা হতে পারে, হলও তাই।
