Snowfall in Sikkim - Kupup and Nathang Valley covered in snow, Border Road Organisation signboard at Dokala sector

জনমত বাংলা নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সিকিমের একাধিক উচ্চ পার্বত্য এলাকায় শুরু হয়েছে ব্যাপক তুষারপাত। পূর্ব সিকিমের নাথাং উপত্যকা ও কুপুপ গ্রাম-সহ বিভিন্ন উঁচু এলাকা ঢেকেছে সাদা বরফের চাদরে। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে পাহাড়জুড়ে তৈরি হয়েছে শীতের মনোরম পরিবেশ। তুষারপাতের দৃশ্য দেখে খুশি পর্যটকরাও।

অন্যদিকে, তুষারপাতের পাশাপাশি সিকিমের আবহাওয়া নিয়েও বাড়ছে উদ্বেগ। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এছাড়াও জারি রয়েছে রেড অ্যালার্ট। গত ২৪ ঘণ্টায় সিকিমের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে গেলেও তার পরোক্ষ প্রভাবে পাহাড়ি এলাকায় আবহাওয়ার এই পরিবর্তন বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে এই পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি ও সম্ভাব্য ভূমিধসের জেরে পাহাড়ি রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে। কোথাও কোথাও যাতায়াতেও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সিকিমে ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *