জনমত বাংলা নিউজ ডেস্ক : অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ ঘিরে তোলপাড় বলিপাড়া! গত সপ্তাহে মুম্বইয়ের একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে তাঁকে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র প্রযোজক কিরণ রাও। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খবর শেয়ার করেন তিনি। সঙ্গে কটাক্ষ করে লেখেন, ‘বাঃ, এবার মুম্বই পুলিশ?’ কিরণের এই প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে জল্পনা।
গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে সিজেপির আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ইমরান খানকে আটক করে পুলিশ। এরপর বিজেপি নেতা কিরীট সোমৈয়া গাওদেবী থানায় অভিযোগ জানান। তাঁর দাবি, মার্কিন নাগরিক ইমরান বিদেশি আইন অমান্য করে একটি রাজনৈতিক বিক্ষোভে সরাসরি অংশ নিয়েছেন। সেই অভিযোগের পরেই অভিনেতার বিরুদ্ধে পদক্ষেপ করে প্রশাসন। এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ। এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে এবার বম্বে হাই কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বম্বে হাই কোর্টে পিটিশন দাখিলের পর দ্রুত শুনানির আবেদন জানানো হবে। মুখ্য বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। এই মামলায় অভিনেতার হয়ে লড়ছেন শীর্ষ আইন সংস্থা এমজেডএম লিগাল এলএলপি-র আইনজীবী জুলফিকার মেমন, চিরাগ নায়েক এবং পারভেজ মেমন।
