জনমত বাংলা নিউজ ডেস্ক : প্রেমের গুঞ্জন কি এবার পরিণতি পেতে চলেছে বিয়েতে? দক্ষিণী সঙ্গীত জগতের পরিচিত মুখ অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে। দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও দুই পরিবারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি এক্স পোস্ট ঘিরেই এই জল্পনা তুঙ্গে উঠেছে। সেই পোস্ট ঘিরেই এখন সরগরম নেটদুনিয়া।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এক্স হ্যান্ডেলে কাব্যের বাবা-মায়ের সঙ্গে একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, কাব্যের বাবা-মা তাঁর সঙ্গে দেখা করে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বিয়ের আসর বসতে পারে। যদিও অনিরুদ্ধ ও কাব্যর তরফে এখনও বিয়ের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্য মারানের বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। কয়েক মাস আগে একটি বিনোদনমূলক ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুই পরিবারই তাঁদের বিয়েতে সম্মতি দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে স্পেনে বিয়ের অনুষ্ঠান হতে পারে বলেও জানানো হয়েছিল। এরপর চেন্নাইয়েও অনুষ্ঠানের আয়োজনের জল্পনা ছড়ায়। তবে অনিরুদ্ধ কিংবা কাব্য—কেউই এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এক্স পোস্ট নতুন করে চর্চা উসকে দিয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে জল্পনা আরও বেড়েছে।
