জনমত বাংলা নিউজ ডেস্ক : যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন মোড়। দুর্গাপুজোর মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাকে সামনে রেখে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বামেরা। ভাঙচুরের অভিযোগ তুলে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির তরফে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। আগামীকাল মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজোর আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ সামনে এসেছিল। কলকাতা-সহ একাধিক এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সপ্তমীর রাতে যাদবপুরে সিপিএমের দু’টি বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরেও উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর। এবার আর শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, সরাসরি আইনি পদক্ষেপের পথে হাঁটল সিপিএম।

যাদবপুরে বুকস্টল ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি। অভিযোগ, বুকস্টল ভাঙচুরের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে দলকে। সেই ক্ষয়ক্ষতির জন্য আদালতের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘটনার গুরুত্বের কথা উল্লেখ করে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে।

জানা গিয়েছে, সিপিএমের এই আবেদনের ভিত্তিতে আগামীকাল কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে। পুজোর সময় বুকস্টল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, তা এবার আদালত পর্যন্ত গড়াল। আদালতে এই মামলার শুনানি হলে কী নির্দেশ দেওয়া হয়, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *