জনমত বাংলা নিউজ ডেস্ক : লস্কর-ই-তৈবার সঙ্গে যোগাযোগের অভিযোগে কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক! ধৃতের নাম মমতাজ-উল-মালিক। বয়স ১৯ বছর। ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কালাবুরাগি জেলা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছে ধৃতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পাকিস্তানের সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে তাঁর কথোপকথন। ইতিমধ্যেই বাজেয়াপ্ত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা চলছে। ফোন থেকে মুছে ফেলা তথ্যও পুনরুদ্ধার করে খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, উত্তর কর্নাটকের কালাবুরাগির সরাফ বাজার এলাকার একটি সোনার দোকানে গত দেড় বছর ধরে নিজের ভাইয়ের সঙ্গে কাজ করছিলেন ধৃত ওই যুবক। তদন্তকারীদের সন্দেহ, পেশাগত কাজের আড়ালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন মমতাজ।
ধৃতকে ঘিরে তদন্তে উঠে আসছে একাধিক ডিজিটাল যোগাযোগের সূত্র। গোয়েন্দা সূত্রের দাবি, জয়নুল আবদিন নামে এক পাকিস্তানি লস্কর-ই-তৈবা কমান্ডার তাঁকে ‘ইমাম মাহদি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছিল। পাশাপাশি, ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট ফলো করার তথ্যও তদন্তকারীদের নজরে এসেছে। এর মধ্যে রয়েছে ‘কাশ্মীর টাইগার ৩১৩’, ‘আই লাভ পাকিস্তান, আই লাভ কাশ্মীর’ এবং ‘মেজর-ইকবাল-আইএসআই’-এর মতো অ্যাকাউন্ট।
এই সমস্ত অনলাইন যোগাযোগের প্রকৃতি ও উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মমতাজের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের ধরন, কথোপকথনের বিষয়বস্তু এবং সম্ভাব্য ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

