জনমত বাংলা নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের। উৎসবের সময়ে বহু মানুষ বাড়ি ফেরেন, আবার অনেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। ফলে বিভিন্ন রুটে ট্রেনে যাত্রীদের চাপ বাড়ে। এই পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া-নয়াদিল্লি রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি সাঁতরাগাছি থেকে কেঁদুয়াপাড়া এবং চেন্নাই এগমোর-সাঁতরাগাছি রুটেও পুজো স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের এই পদক্ষেপে উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রে খবর, ০৮০৪১/০৮০৪২ নম্বরের আনরিজার্ভড পুজো স্পেশাল চলবে সাঁতরাগাছি-কেঁদুয়াপাড়া রুটে। ০৮০৪১ নম্বরের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দুপুর ২টোয় কেঁদুয়াপাড়ায় পৌঁছবে। ফিরতি পথে ০৮০৪২ নম্বরের ট্রেনটি বিকেল ৩টে ৪০ মিনিটে কেঁদুয়াপাড়া থেকে ছেড়ে রাত ১০টা ৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়্গপুর, হিজলি, বেলদা, বালেশ্বর-সহ একাধিক স্টেশনে থামবে এই ট্রেন। পুজোর সময়ে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
অন্যদিকে, চেন্নাই ও সাঁতরাগাছির মধ্যেও পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ০৬০৩১ নম্বরের চেন্নাই এগমোর-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে চেন্নাই এগমোর থেকে ছাড়বে। পরের দিন সকাল ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছবে ট্রেনটি। এই বিশেষ পরিষেবার মাধ্যমে উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়ানোর উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের।
