জনমত বাংলা নিউজ ডেস্ক : প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র আরামবাগের সতীতলা! বুধবার রাতে দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ পৌঁছনোর পরেও সংঘর্ষ না থামায় লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সূত্রের খবর, এলাকার বাঁধপাড়া ও ভূমিজপাড়ার বাসিন্দাদের মধ্যে এই গণ্ডগোলের সূত্রপাত। দুই পাড়াতেই দুর্গাপুজো হয়। অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের আগে এক পাড়ার বাসিন্দারা সিঁদুর খেলা ও নাচগানে ব্যস্ত ছিলেন। সেই সময় অন্য পাড়ার কয়েকজন যুবক সেখানে এসে নাচানাচি শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, লাঠি দিয়ে একে অপরকে মারধর করে। পাশাপাশি কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশের পদক্ষেপের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সংঘর্ষে গুরুতর জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই পাড়ার এই সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের সতীতলায়।
