জনমত বাংলা নিউজ ডেস্ক : রণবীর কাপুরের ‘শ্রীরাম’ অবতার দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। দীপাবলিকে কেন্দ্র করে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ মুক্তির প্রস্তুতি ঘিরে তুঙ্গে উত্তেজনা। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। তবে ব্যস্ততার কারণে সিনেমা হলে পৌঁছতে না পারলেও থাকছে বিকল্প ব্যবস্থা। কারণ, প্রেক্ষাগৃহে মুক্তির পরই ওটিটি-তেও দেখা যেতে পারে এই মেগা বাজেটের ছবি। ফলে বাড়িতে বসেই ‘রামায়ণ’ দেখার সুযোগ পেতে পারেন দর্শকরা।
এবিষয়ে ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘IMAX 3D-তে এই ছবি দেখার অনুভূতিই হবে আলাদা। কিন্তু দেশের সব দর্শকের পক্ষে সিনেমা হলে গিয়ে ছবি দেখা সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই জিওহটস্টারের সঙ্গে যুক্ত হয়েছেন নির্মাতারা। তাঁদের লক্ষ্য, প্রেক্ষাগৃহের বাইরেও দর্শকদের কাছে ‘রামায়ণ’-এর অভিজ্ঞতা পৌঁছে দেওয়া।
এদিকে, মুক্তির আগেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে ‘রামায়ণ’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রমাণ মিলছে অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যানে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ৯২ হাজার টিকিট। বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি-এনসিআর, যেখানে প্রায় ১৯,৯১৩টি টিকিট বিক্রি করে আয় হয়েছে ১.৫২ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা মুম্বইয়ে প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি থেকে এসেছে ১.১০ কোটি টাকা। পুণে, কলকাতা ও বেঙ্গালুরুর বাজারেও ভালো সাড়া মিলছে। সব মিলিয়ে হিন্দি সংস্করণের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ৫.১৫ কোটি টাকা।
