Rajasthan Royals batter Vaibhav Suryavanshi celebrating with bat and helmet raised after scoring.

জনমত বাংলা নিউজ ডেস্ক : নতুন আইপিএল মরশুমের আগে দল সাজানোর কাজে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ২০২৭ সালের প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যেই রাজস্থান রয়্যালসকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। গত মরশুমে দলের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তবে আগামী মরশুমে তাঁর জায়গায় যশস্বী জয়সওয়ালকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

জানা গিয়েছে, দলের মালিকানা বদলের পর থেকেই অধিনায়ক পদে পরিবর্তনের জল্পনা ঘনিয়েছে। নতুন মালিকেরা যশস্বী জয়সওয়ালকে অধিনায়ক করার বিষয়টি বিবেচনা করছেন। গত মরশুমে রিয়ান পরাগের ডেপুটি ছিলেন এই তরুণ ব্যাটার। সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে চলে যাওয়ার পর নেতৃত্বের দৌড়ে যশস্বীই এগিয়ে ছিলেন বলে মনে করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত হন রিয়ান পরাগ। পরাগের অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও অধিনায়ক হিসেবে যশস্বীর অভিজ্ঞতা খুব বেশি নয়। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, নেতৃত্বের দায়িত্বে তাঁকে খুব বেশি দেখা যায়নি। তাই আগামী মরশুমে রাজস্থানের অধিনায়ক হিসেবে যশস্বীকে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত।

এদিকে, আইপিএলের রাজস্থান রয়্যালসকে ঘিরে মালিকানা বদলের প্রক্রিয়া এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ২০২৬ সালের মে মাসে ফ্র্যাঞ্চাইজ়িটির অধিকাংশ মালিকানা কেনেন লক্ষ্মী মিত্তলের পরিবার ও আদর পুনাওয়ালা। ১৬৫ কোটি ডলার বা প্রায় ১৫,৬৬০ কোটি টাকার এই চুক্তির মাধ্যমে আগের আমেরিকান বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে আটকে থাকা চুক্তির পরিবর্তে নতুন মালিকানা কাঠামো তৈরি হয়। এই চুক্তির আওতায় রাজস্থান রয়্যালস ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকার পার্ল রয়্যালস ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ রয়্যালস। ভারতের টুর্নামেন্ট কমিশন ইতিমধ্যেই চুক্তিতে অনুমোদন দিয়েছে। তবে বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষের চূড়ান্ত ছাড়পত্র এখনও মেলেনি। সেই অনুমোদন পেলেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *