জনমত বাংলা নিউজ ডেস্ক : দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ! মহারাষ্ট্রের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি খুনে ব্যবহৃত হকি স্টিক ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সিডকোর এন-৭ এলাকার বজরং চকের কাছে খুন করা হয় দেবেশ দীক্ষিত নামে এক ব্যক্তিকে। অভিযোগ, পবন পরাশর নামের এক ব্যক্তির গাড়ি দেবেশের স্কুটারে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপরই হকি স্টিক ও লোহার রড দিয়ে তাঁর মাথা ও মুখে পরপর আঘাত করা হয়। ভাইরাল ভিডিওতে সেই হামলার দৃশ্য দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশের। এরপর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত পবন পরাশর। তাঁকে আদালতে তোলা হবে। কেন এই নৃশংস হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মহারাষ্ট্রে দেবেশ হত্যাকাণ্ড ঘিরে সামনে আসছে ব্যবসায়িক বিবাদের সম্ভাবনাও। জানা গিয়েছে, দেবেশের একটি মেস ছিল, পাশাপাশি প্লটিংয়ের ব্যবসাও করতেন তিনি। পরাশরের সঙ্গে সম্প্রতি তাঁর সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসা সংক্রান্ত কোনও গোলমাল, নাকি পুরনো শত্রুতার জের—কী কারণে এই খুন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্তকারীরা এই বিষয়ে কী তথ্য সামনে আনেন, এখন সেটাই দেখার।
