Portrait of BJP leader K. Annamalai in white shirt with vibhuti on forehead.

জনমত বাংলা নিউজ ডেস্ক : একদা বিজেপির অন্যতম পরিচিত মুখ, এখন দলত্যাগী নেতা। সেই কে আন্নামালাইয়ের কেন্দ্রবিরোধী পোস্ট ঘিরেই নতুন করে ছড়াল রাজনৈতিক জল্পনা। যন্তর মন্তরে প্রতিবাদ নিষিদ্ধ করার প্রশ্ন তুলে এবং সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেফতারি নিয়ে সরব হয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন তিনি। তাঁর দাবি, প্রশ্নের মুখে পড়লেই কাউকে ‘বিদেশি এজেন্ট’ তকমা না দিয়ে কেন্দ্রের উচিত প্রশ্নের জবাব দেওয়া। চলতি বছর ‘উই দ্য লিডার্স’ নামে নতুন সংগঠন তৈরি করেছেন আন্নামালাই। ফলে তাঁর পোস্টের পরই প্রশ্ন ওঠে, সিজেপির সঙ্গে কি এবার হাত মেলাবে এই সংগঠন? জল্পনা ছড়াতেই তড়িঘড়ি ব্যাখ্যা দিলেন আন্নামালাই।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, সিজেপিকে সমর্থন করেন না তিনি। আন্নামালাইয়ের কথায়, “আমরা ককরোচ জনতা পার্টিকে কখনও সমর্থন করি না। তাদের কর্মসূচি আলাদা, আর আমাদেরটাও আলাদা।” চলতি বছরের শুরুতে বিজেপি ছেড়ে নিজের রাজনৈতিক উদ্যোগ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। তবে নিজের অবস্থান স্পষ্ট করে আন্নামালাই বলেন, গণতন্ত্রে প্রত্যেক রাজনৈতিক দলেরই লড়াই করার অধিকার রয়েছে। দেশপ্রেম নিয়ে তাঁকে কারও কাছ থেকে পাঠ নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা ক্ষুণ্ণ করার যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করেন আন্নামালাই।

কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন আন্নামালাই, সিজেপির দুই নেতার গ্রেফতারি নিয়েও সরব হয়েছিলেন। আর তাতেই জল্পনা ছড়িয়েছিল, তবে কি ককরোচ জনতা পার্টির সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটছেন আন্নামালাই? এবার সেই জল্পনা সরাসরি খারিজ করলেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *