জনমত বাংলা নিউজ ডেস্ক : মুম্বইয়ে এটিএসের অভিযানে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি! জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের আধিকারিকরা। মাহিম মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জঙ্গি সংগঠনটির সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসান আবুর। জইশ যোগের সন্দেহে ধৃত ওই যুবককে ঘিরে তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে দাবি মুম্বই এটিএসের। ৩৩ বছর বয়সি ওই যুবক পেশায় অ্যাপ বাইক চালক। পাশাপাশি পারফিউম বিক্রির ব্যবসাও করতেন তিনি। এটিএস সূত্রে জানা গিয়েছে, তাঁর মোবাইল ফোনে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের অডিও ক্লিপ পাওয়া গিয়েছে। অভিযোগ, নিজের পেশার আড়ালেই সোশ্যাল মিডিয়ায় উগ্র দেশবিরোধী পোস্ট করতেন তিনি। প্রাথমিক তদন্তে পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ থাকার ইঙ্গিতও মিলেছে বলে জানিয়েছে এটিএস।
সূত্রের খবর, গত ১ জুন নিজের পরিচালিত একটি টেলিগ্রাম গ্রুপে জইশ-ই-মহম্মদের প্রধানের উসকানিমূলক অডিও আপলোড করেছিলেন ধৃত যুবক। ‘ইবন-ই-কাসিম’ নামে পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের সক্রিয় সদস্য হিসেবেও তাঁর নাম উঠে এসেছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, যুবকের মোবাইল ফোনে ভারতবিরোধী বিষয়বস্তু পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁর কার্যকলাপের উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগাযোগের পরিধি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই নেটওয়ার্কে আরও কেউ জড়িত কি না, কিংবা কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
