Prime Minister Narendra Modi speaking, wearing a white kurta and dark blue vest with a pen in pocket, Indian national flag visible in background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : অর্থনীতিকে নিশানা করছে শত্রুপক্ষ! যুদ্ধ আর শুধু সীমান্তে আটকে নেই। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হামলা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বলেন, সাইবার হামলা রুখতে এখনই ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সাইবার জঙ্গিরা কোনও ক্ষতি করতে না পারে।

১৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি আরবিআই-র ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন হল ভুবনেশ্বরে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওড়িশা সহ সমগ্র দেশের জন্যই এই উদ্যোগ অত্যন্ত কল্যাণকর। তিনি আরও বলেন, “আজকাল যুদ্ধ শুধু অস্ত্রে সীমাবদ্ধ নেই। অর্থনীতিতে আঘাত করেও দেশকে দুর্বল করা যায়। ভারত যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, তখন আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সাইবার অপরাধী এবং জঙ্গিদের হাত থেকে রক্ষা করা সমানভাবে অপরিহার্য।”

নরেন্দ্র মোদি আরও বলেন, “সাইবার হামলার ধরন পাল্টাচ্ছে। পুরোনো ব্যবস্থা, প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না।” তাঁর কথায়, নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের দরকার আধুনিক পরিকাঠামো ও দক্ষ মানবসম্পদ। আর সেই লক্ষ্যেই আরবিআই-এর ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি সাইবার হানার মুখে পড়ে এসবিআই। জানা যায়, ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে ডার্ক ওয়েবে ফাঁস করা হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে, চিন্তায় পড়েন গ্রাহকরা। যদিও এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই, গ্রাহকদের সম্পদ ব্যাঙ্কের কাছেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *