জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। সোমবার লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সম্মুখীন হয় কংগ্রেস নেতার কনভয়। জানা গিয়েছে, তাঁর কনভয়ের চারটি গাড়ির সঙ্গে একটি আম্বুলেন্সের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় রাহুল গান্ধীর কোনও ক্ষতি হয় নি তবে, তাঁর কয়েকজন কর্মী আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়ায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে।
সূত্রের খবর, এদিন একটি মানহানি মামলার শুনানিতে হাজিরা দিতে লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকার কাছে আচমকা ব্রেক কষার জেরে কনভয়ের একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একটি অ্যাম্বুল্যান্সও জড়িয়ে পড়ে। রাহুলের সঙ্গে থাকা কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার কারণে তাঁর আদালতে পৌঁছনোর কর্মসূচিতে বড় কোনও বাধা সৃষ্টি হয়নি। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।
উল্লেখ্য, রাহুল গান্ধীর সুলতানপুর সফরের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের একটি মানহানির মামলা। ২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, ওই মন্তব্যে অমিত শাহের সম্মানহানি করা হয়েছে। সেই মামলার আইনি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। এবার সুলতানপুর সফরকে ঘিরে নতুন করে নজর পড়েছে মামলার শুনানির দিকে। রাজনৈতিক মহলের মতে, এই মামলা শুধু আদালতের লড়াই নয়, বরং দেশের দুই প্রধান রাজনৈতিক শিবিরের পারস্পরিক সংঘাতের সঙ্গেও জড়িয়ে রয়েছে।
