জনমত বাংলা নিউজ ডেস্ক : টলিউডে শোকের ছায়া! প্রয়াত সহকারী পরিচালক দীপঙ্কর সরকার। উৎসবের রেশ মিটতে না মিটতেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। প্রাথমিক সূত্রের খবর, আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। দীপঙ্করের মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ সহকর্মী ও বিনোদন জগতের সদস্যরা।
নাকতলায় পরিচালকের বাড়ি, পরিবারে রয়েছেন স্ত্রী। কাজের প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন দীপঙ্কর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘দাবারু’ ছবির শুটিংয়ের স্মৃতি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন তিনি। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে ঋতুপর্ণা জানিয়েছেন, দীপঙ্করের মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, পরিচালক শুভ্রজিৎ মিত্রের কাছেও এই মৃত্যু বড় ধাক্কা। প্রায় ২০ বছরের বন্ধুত্ব এবং ১৬ বছরের একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ‘কাকাবাবু’ সিরিজ, ‘চোরাবালি’, ‘অভিযাত্রিক’ থেকে ‘দেবী চৌধুরানী’— একাধিক কাজে দীপঙ্কর ছিলেন পরিচালকের সঙ্গী। পাশাপাশি, পরিচালক পথিকৃৎ বসুর বেশ কয়েকটি ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলানোর পাশাপাশি জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতেও কাজ করেছেন তিনি। তবে, কি কারণে আত্মঘাতী হলেন দীপঙ্কর তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
