A man with dark curly hair, a mustache and a trimmed beard, wearing a white kurta, standing indoors against a plain white wall with tiled pattern in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ— একই দিনে ফের এনকাউন্টারের ঘটনা! মঙ্গলবার দুপুরে ধুলিয়ানে পুলিশের গুলিতে জখম হয়েছেন বলে খবর বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সামাউন শেখ। মাস দুয়েক আগে সুজিত মণ্ডলকে কুপিয়ে খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। এবার সেই মামলার অভিযুক্তের গুলিবিদ্ধ হওয়ার খবর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় অভিযুক্ত সামাউন শেখকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে জখম হন সামাউন শেখ। মুর্শিদাবাদের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রায় দু’মাস আগে ধুলিয়ান বাজারে বিজেপি নেতা সুজিত মণ্ডলকে খুন করার অভিযোগ ওঠে। অভিযোগ, খুনের পর তাঁর দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়। তদন্তে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামাউন শেখের নাম। এবার সেই মামলার পুনর্নির্মাণ করতে গিয়েই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, রাস্তার বদলে এলাকার একটি হোটেলের ঘরে চলছিল পুনর্নির্মাণ। সেই সময়ই গুলিবিদ্ধ হন সামাউন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, এদিন গাইঘাটায় ধর্ষণে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে। সোমবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে হঠাৎই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত প্রহ্লাদ দাস। বাধা দিতে গেলে পুলিশের দিকেই গুলি চালান তিনি। তখন আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *