জনমত বাংলা নিউজ ডেস্ক : এনকাউন্টার বিতর্কে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার গাইঘাটা ও ধুলিয়ানে পুলিশের গুলিতে দুই অভিযুক্তের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীরা নিজের হাতে আইন তুলে নিলে পুলিশ চুপ করে বসে থাকবে না। এর পাশাপাশি মহিলাদের ওপর অত্যাচার ও নেশা কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বিশেষ স্বাধীনতা থাকবে বলে জানান তিনি।
এদিন রাজ্যে অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ নীরব দর্শক হয়ে থাকতে পারে না। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি তাঁর। নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের মতো বিষয়ে পরিস্থিতি বুঝে পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুমতি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। কর্তব্য পালন করতে গিয়ে কোনও পুলিশ আধিকারিক সমস্যায় পড়লে পুলিশমন্ত্রী হিসেবে তিনি তাঁদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
পাশাপাশি অপরাধীদের অন্য রাজ্যে পালিয়ে আশ্রয় নেওয়ার প্রবণতা রুখতেও কড়া বার্তা দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দেশের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার থাকায় অপরাধীদের পালিয়ে আত্মগোপন করার সুযোগ থাকবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, একই দিনে রাজ্যের দুই প্রান্তে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই মামলায় অভিযুক্তের। মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তের মৃত্যু হয়। পুলিশের দাবি, পালানোর চেষ্টা করার সময় তদন্তকারীদের উপর হামলা চালান তিনি। পরে বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা খুনের মামলায় অভিযুক্তেরও মৃত্যু হয় পুলিশের গুলিতে। পুলিশের বক্তব্য, ওই অভিযুক্তের হামলার জবাব দিতেই পাল্টা গুলি চালানো হয়।
