left side shows a Facebook post by Agnimitra Paul in Bengali with the heading "Encounter" and several verses about stopping crime and protecting people; right side shows Agnimitra Paul, a woman wearing glasses, a blue patterned outfit and an orange BJP scarf, speaking into a microphone at a BJP event with the party lotus logo in the background.

জনমত বাংলা নিউজ ডেস্ক : গাইঘাটা ও ধুলিয়ানে পরপর দুটি এনকাউন্টারের ঘটনা ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সরাসরি বক্তব্য না রেখে কবিতার মাধ্যমেই নিজের অবস্থান তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এনকাউন্টার ও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে যখন জোর বিতর্ক চলছে, তখন তাঁর কবিতা ঘিরে বাড়ছে আগ্রহ। কী লিখেছেন অগ্নিমিত্রা? কবিতার মাধ্যমে কোন বার্তা দিতে চাইলেন তিনি?

কবিতার ছত্রে ছত্রে অপরাধ দমনের বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের মন্ত্রী লিখেছেন, “ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” গাইঘাটা ও ধুলিয়ানে পুলিশের গুলিতে দুই অভিযুক্তের মৃত্যুর পর এনকাউন্টার বিতর্ক যখন তুঙ্গে, তখনই তাঁর এই কবিতা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

অগ্নিমিত্রা আরও লেখেন, “রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে।” তবে তাঁর কবিতা লেখা এই প্রথম নয়, এর আগে আসানসোলকে নিয়েও কবিতা লিখেছিলেন তিনি। এবার তাঁর কলমে উঠে এল এনকাউন্টারের প্রসঙ্গ।

এর আগে বারুইপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছিল। এবার গাইঘাটা ও ধুলিয়ানের পরপর দুটি ঘটনায় ফের আলোচনায় এনকাউন্টার। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রার কবিতায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রসঙ্গ বিশেষ তাৎপর্য পেয়েছে।

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার কথা বলে আসছেন। তাঁর দাবি, আগের তৃণমূল সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হত। বর্তমান সরকার অপরাধ দমনে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে বলেও বারবার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *