জনমত বাংলা নিউজ ডেস্ক : ভোরের ইমেলেই এল দুঃসংবাদ! এক ধাক্কায় বহু কর্মীকে ছাঁটাই করল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। উৎসবের মরশুমে আচমকা চাকরি হারিয়ে দিশেহারা কর্মীরা। অফিসের ইমেলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থা অল্প সংখ্যক কর্মীকে ছাঁটাই করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এমনকি, ইমেল পাওয়ার দিনটিকেই কর্মজীবনের শেষ দিন বলে জানানো হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে মাথায় হাত বহু কর্মীর।
জানা গিয়েছে, চাকরি হারানোর তালিকায় রয়েছেন মূলত সফটওয়্যার ডেভেলপাররা! একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার অ্যামাজন থেকে ছাঁটাই করা হয়েছে প্রায় ২৫০ জন কর্মীকে। তবে কেন এই বিপুল সংখ্যক কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেয়নি সংস্থা। অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, কাজের গতি ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংস্থার পরিকল্পনার সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ। অন্যদিকে, একই দিনে অ্যালেক্সা-চালিত নতুন অ্যালার্ম ঘড়ি ও ফটো ফ্রেম আনার কথাও ঘোষণা করেছে ই-কমার্স সংস্থাটি।
চলতি মাসের গোড়ায় সংস্থার মূল খুচরো বিক্রয় বিভাগ থেকে প্রায় ১,০০০ কর্মী চাকরি হারিয়েছিলেন। এবার নতুন করে ছাঁটাইয়ের খবরে উদ্বেগ বেড়েছে কর্মীদের মধ্যে। যদিও অ্যামাজনের তরফে ব্যয় সংকোচনের যুক্তি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, এর পিছনে রয়েছে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা বা উদ্যোগ রয়েছে। এই বিপুল খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতেই কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে।
