Security forces deployed outside New Parliament building in New Delhi after security alert

জনমত বাংলা নিউজ ডেস্ক : বিরোধীদের সমাবেশ ঘিরে ফের উত্তপ্ত হতে পারে রাজধানীর পরিস্থিতি! চলতি সপ্তাহের শেষে রামলীলা ময়দানে বিরোধীদের কর্মসূচি এবং একাধিক গোষ্ঠীর সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় দিল্লিতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে। ২৭০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোতায়েনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে থাকবে এই বাহিনী। চলতি মাসের গোড়ায় সিজেপি-র বিক্ষোভ কর্মসূচির সময় তাদের মোতায়েন করা হয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দিল্লিতে আরও ১৬ দিন থাকবে ২৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩১ অক্টোবরের সময়সীমা বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত সিএপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশ এবং বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বিক্ষোভ ঘিরে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে আইন-শৃঙ্খলা বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সিএপিএফ ইউনিটগুলিকে দিল্লি পুলিশের অধীনেই রাখা হয়েছে। বাহিনী মোতায়েনের সমন্বয়ের দায়িত্বও সামলাবে দিল্লি পুলিশ। পুলিশের অনুরোধেই কেন্দ্র এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

‘ভোট চুরি’র প্রতিবাদে দিল্লিতে নামছে ‘ইন্ডিয়া’ জোট। কংগ্রেসের ডাকে ‘চলো দিল্লি মার্চ’ কর্মসূচি আগামী ১ নভেম্বর মধ্য দিল্লির রামলীলা ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলতি মাসে দু’বার মেয়াদ বাড়ানোর পর ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। দিল্লিতে স্থানীয় পুলিশের পাশাপাশি মোট ২৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এর মধ্যে সিআরপিএফ -এর ১২৫ কোম্পানি, আরএএফ -এর ২০, বিএসএফ-এর ৪৬, আইটিপিবি-এর ৩৯, এসএসবির-এর ৩১ এবং সিআইএসএফের-এর ১২ কোম্পানি বাহিনী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *