জনমত বাংলা নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে দূষণের বিষে জেরবার রাজধানী দিল্লি। দীপাবলির আগেই বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে দিল্লি-এনসিআর। AQI.in-এর পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার বাতাসের গুণমান সূচক (AQI) ছিল ৩৬৯। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৩৮৭-তে। কিন্তু শনিবার সকাল ১০টা ১ মিনিটে একলাফে AQI পৌঁছে যায় ৫২৫-এ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দূষণ নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকেই GRAP-III কার্যকর করেছে দিল্লি প্রশাসন।
GRAP-III জারি হতেই একাধিক ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাটি খোঁড়া, বাড়ি ভাঙা, রাস্তা তৈরি-সহ ধুলো ছড়ায় এমন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি BS-III পেট্রল ও BS-IV ডিজেল চালিত চার চাকার গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরেও কার্যকর হবে এই নিয়ম। বন্ধ থাকবে পাথর ভাঙার ক্রাশার ও খননকাজ।
অন্যদিকে, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, স্কুলে গিয়ে অথবা অনলাইনে ক্লাস করার সুযোগ থাকবে। সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে রাজ্য সরকার। এরই মধ্যে পরিবেশকর্মীদের আশঙ্কা, দীপাবলির রাতে বাজি পোড়ানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। উৎসবের আগেই দূষণের এমন ভয়াবহ চেহারা দেখে উদ্বেগ বাড়ছে রাজধানীবাসীর।
