Split image showing damage after an explosion - on the left, a blackened, damaged AC unit hanging from a broken window frame, and on the right, a doorway sealed with yellow police tape reading 'CRIME SCENE DO NOT DISTURB'.

জনমত বাংলা নিউজ ডেস্ক : পুলিশ ফাঁড়িতেই বিস্ফোরণ! শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা ফাঁড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের অভিঘাতে ফাঁড়ির দেওয়ালে ফাটল ধরেছে। জখম হয়েছেন এক ডেলিভারি কর্মীও। ইতিমধ্যে বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামে একটি জঙ্গি সংগঠন। যদিও পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার নেপথ্যে কারা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বসুন্ধরা ফাঁড়িতে উপস্থিত ছিলেন এক সাব-ইনস্পেক্টর। সেই সময়ই অর্ডার ডেলিভারি করতে সেখানে পৌঁছন এক কর্মী। বিস্ফোরণের অভিঘাতে জানলার কাচ ভেঙে তাঁর গায়ে লাগে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছিল, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। বিস্ফোরণে ফাঁড়ির একটি জানলা ভেঙে গিয়েছে এবং দেওয়ালে ফাটল ধরেছে। শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস)।

ঘটনার পর তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামে একটি জঙ্গি সংগঠন ঘটনার দায় নিয়েছে বলে জানা গিয়েছে। ‘Ghazi 2’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ফাঁড়িটি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। বিস্ফোরণকে ‘গেরুয়া সরকারের বিরুদ্ধে পদক্ষেপ’ বলে ব্যাখ্যা করেছে সংগঠনটি। তবে এই দাবি নিয়ে এখনও নীরব স্থানীয় প্রশাসন। সরকারি ভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা বলেও উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *