জনমত বাংলা নিউজ ডেস্ক : উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে! দীপাবলি ও ছট পুজোর ভিড় সামাল দিতে এবার বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। হাওড়া থেকে নয়াদিল্লি এবং সাবৌর থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত চালানো হবে দুটি স্পেশাল ট্রেন। নভেম্বর মাসের নির্দিষ্ট দিনগুলিতে এই দুই ট্রেন মোট ১৮টি ট্রিপ করবে বলে রেল সূত্রে খবর।
স্পেশাল ট্রেনগুলিতে একাধিক ধরনের কামরার ব্যবস্থা রাখছে পূর্ব রেল। জেনারেল, স্লিপার থেকে শুরু করে এসি কামরা—সবই থাকছে এই ট্রেনগুলিতে। যদিও টিকিট বুকিং শুরুর দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, হাওড়া ও নয়াদিল্লির মধ্যে চলবে ০৪০৫৪/০৪০৫৩ নম্বরের স্পেশাল ট্রেন। ০৪০৫৪ নম্বরের নয়াদিল্লি–হাওড়া ট্রেনটি ৭, ১১ এবং ১২ নভেম্বর ছাড়বে। নির্ধারিত দিনগুলিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। ফিরতি পথে ০৪০৫৩ নম্বরের হাওড়া–নয়াদিল্লি স্পেশাল ট্রেন চালানো হবে ৭, ৯, ১৩ এবং ১৪ নভেম্বর। নির্ধারিত দিনগুলিতে রাত ১টা ৪০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে ট্রেনটি। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে স্টপেজ থাকছে।
দীপাবলি ও ছট পুজোর ভিড় সামাল দিতে সাবৌর–আনন্দ বিহার রুটেও রেলের বিশেষ পরিষেবা মিলবে। ০৪০৬৬/০৪০৬৫ নম্বরের স্পেশাল ট্রেনের মাধ্যমে বিহার ও দিল্লির মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ০৪০৬৬ নম্বরের ট্রেনটি ৭, ১১ ও ১২ নভেম্বর সকাল ৫টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে পরের দিন সকাল ৭টায় সাবৌরে পৌঁছবে। অন্যদিকে, ০৪০৬৫ নম্বরের ট্রেনটি ৭, ৮, ১২ ও ১৩ নভেম্বর সকাল ১১টায় সাবৌর থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১টা ৪৫ মিনিটে পৌঁছবে আনন্দ বিহার টার্মিনালে। দুটি ট্রেনই ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে দাঁড়াবে।
