জনমত বাংলা নিউজ ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে ফের দুশ্চিন্তায় আমজনতা। এবার বাড়তে চলেছে চিনির দাম। সূত্রের দাবি, কেজি প্রতি ১১ টাকা দাম বাড়ানোর দাবি জানানো হয়েছে। সেই দাবি কার্যকর হলে বর্তমানে ৬৫ টাকা কেজি দরের চিনি কিনতে খরচ করতে হতে পারে ৭৬ টাকা। অর্থাৎ এক ধাক্কায় কেজি প্রতি ১১ টাকা বাড়তি গুনতে হতে পারে ক্রেতাদের।
জানা গিয়েছে, চিনির ন্যূনতম বিক্রয়মূল্য বাড়ানোর দাবিতে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে চিনি শিল্পমহল। বর্তমানে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা ন্যূনতম বিক্রয়মূল্য বাড়িয়ে ৪,২০০ টাকা করার দাবি উঠেছে। অর্থাৎ, কেজি প্রতি ৩১ টাকার ন্যূনতম দাম বেড়ে ৪২ টাকা করার প্রস্তাব। এই পরিস্থিতিতে চিনি শিল্পের সমস্যা খতিয়ে দেখতে রমেশ চন্দের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে কেন্দ্র। বেঙ্গালুরু ও পুণেতে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে শিল্পমহলের প্রতিনিধিরা নিজেদের দাবি তুলে ধরেছেন। তাঁদের যুক্তি, প্রায় সাত বছর ধরে চিনির ন্যূনতম বিক্রয়মূল্য বাড়েনি। অথচ বিদ্যুৎ, শ্রমিকের বেতন এবং মিলের রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই বেড়েছে। ফলে উৎপাদন খরচের তুলনায় কম দামে চিনি বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়ছে চিনিকলগুলি।
চিনিকলগুলির আর্থিক সঙ্কট কাটাতে একাধিক দাবি সামনে এনেছে চিনি শিল্পমহল। আখ চাষিদের জন্য ২০২৬-২৭ মরসুমে কুইন্টাল প্রতি ৩৬৫ টাকা এফআরপি নির্ধারণ করেছে কেন্দ্র। ১০.২৫ শতাংশ বেসিক রিকভারি রেটের ভিত্তিতে এই দাম ঠিক করা হয়েছে। তবে ইথানল উৎপাদন ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চিনিকলগুলির মধ্যে। সরকারি ইথানল মিশনের লক্ষ্য পূরণে বহু মিল ডিস্টিলারি প্ল্যান্ট তৈরি করেছে। সেই পরিকাঠামো গড়তে ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণও নেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা ও অসময়ে বৃষ্টির কারণে আখে সুক্রোজের পরিমাণ কমলে ইথানল উৎপাদনও কমতে পারে। তাতে ঋণ শোধের জন্য নির্ধারিত আয় না হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। তাই ইথানল প্রকল্পের ঋণ পরিশোধে দুই বছরের স্থগিতাদেশ বা মরাটোরিয়াম চেয়েছে শিল্পমহল। এই সময়ে আসল ও সুদ, দু’ধরনের ঋণ পরিশোধই বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ঋণের সুদে সরকারি ভর্তুকি ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে চিনির MSP বাড়ানোর দাবি কার্যকর হলে সাধারণ মানুষের বাজার খরচেও প্রভাব পড়তে পারে। চিনি থেকে শুরু করে চা, বিস্কুট ও মিষ্টির দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
