India Gate in New Delhi barely visible through thick smog and haze, with a few people walking and cycling on the empty road leading to it.

জনমত বাংলা নিউজ ডেস্ক : দীপাবলির বাজির ধোঁয়ায় কি আরও বিষাক্ত দিল্লির বাতাস? উৎসবের রাত পেরোতেই ঘন ধোঁয়াশায় ঢাকল দিল্লি-NCR। একাধিক এলাকায় AQI-এর মাত্রা ৪০০ ছাড়িয়ে যাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর দূষণ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখনই নতুন বিতর্কে জড়াল দিল্লির বিজেপি সরকার। AQI-এর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। ফলে দূষণের পাশাপাশি তথ্যের স্বচ্ছতা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কংগ্রেস ও আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি সরকার AQI-এর প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করছে না। গুরুত্বপূর্ণ সময়ে একাধিক মনিটরিং স্টেশনের তথ্য উধাও হয়ে যাওয়া এবং সরকারি ও নিরপেক্ষ সংস্থার রিডিংয়ে বিস্তর ফারাক থাকায় প্রশ্ন উঠছে। তবে বিরোধীদের অভিযোগের জবাবে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তাদের বক্তব্য, দীর্ঘ ২৫ বছর দিল্লির ক্ষমতায় থেকেও দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কংগ্রেস ও আপ। হিন্দুদের উৎসব এলেই দূষণ নিয়ে বিরোধীরা রাজনীতি শুরু করে বলেও কটাক্ষ বিজেপির।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান বলছে, ৮ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর সামগ্রিক AQI পৌঁছয় ৩৭৩-এ। তবে একাধিক এলাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক। আলিপুর, বুরারি, মুন্ডকা,বাওয়ানা, পাঞ্জাবি বাগ ও রোহিণীতে AQI ৪০০ ছাড়িয়ে যায়। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজ়িয়াবাদেও দূষণের মাত্রা যথেষ্ট বেশি। নয়ডায় AQI ৩১৯, গাজ়িয়াবাদে ৩৬০, গুরুগ্রামে ২৮০ এবং ফরিদাবাদে ২৯৭। উল্লেখ্য, AQI ৪০১ থেকে ৫০০ হলে CPCB-র নিরিখে তা গুরুতর দূষণের পর্যায়ে পড়ে।

এদিকে, দিল্লির দূষণের প্রকৃত পরিসংখ্যান আড়াল করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছে কংগ্রেস ও আপ। কংগ্রেস মুখপাত্র পবন খেরার দাবি, রাত ২টো থেকে ৩টের মধ্যে দিল্লির ৩৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ২৫টি থেকে PM2.5-এর কোনও তথ্য পাওয়া যায়নি। আরকে পুরম, মুন্ডকা, সোনিয়া বিহার, নেহরু নগর ও দ্বারকা-সহ একাধিক স্টেশনের রিডিং বন্ধ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। খেরার অভিযোগ, তথ্য উধাও হয়ে গেলেই দূষণ কমে যায় না। পাশাপাশি, আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, দীপাবলির রাতে দিল্লির কয়েকটি এলাকায় AQI ৩,০০০ ছাড়িয়েছিল। যদিও এই পরিসংখ্যান কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সরকারি রিডিং নয়।

অন্যদিকে, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের দাবি, দীর্ঘদিন দিল্লির ক্ষমতায় থেকেও দূষণ মোকাবিলায় স্থায়ী সমাধানের পথে হাঁটেনি কংগ্রেস ও আপ। তাঁর অভিযোগ, হিন্দু উৎসবের সময়ই দূষণ নিয়ে সরব হয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে বিরোধীরা। যদিও, দীপাবলির আগেই দিল্লি-NCR-এ GRAP-এর তৃতীয় পর্যায় চালু করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭ ও ৮ নভেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রিন বাজি পোড়ানোর অনুমতি ছিল। ৯ নভেম্বর থেকে আবার সম্পূর্ণ বাজি নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *