জনমত বাংলা নিউজ ডেস্ক : আদালতের চাপে অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর পথে এসএসসি। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে চাকরি পুনর্বহালের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের পরেও নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ না করায় কমিশনের বিরুদ্ধে শুরু হয়েছিল আদালত অবমাননার মামলা। সেই মামলায় আদালতের কড়া অবস্থানের পর ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের আশ্বাস দেয় এসএসসি। শেষ পর্যন্ত সেই আশ্বাস অনুযায়ীই বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তিনটি স্তরেই চূড়ান্ত মেধাতালিকায় নাম ছিল ৭৯ জনের। মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—সব স্তরের নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিয়েছিলেন তাঁরা। তবে নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। সেই কারণে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর বসা হয়নি তাঁদের।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের সময় বাদ পড়েন এই ৭৯ জনও। অথচ সুপ্রিম কোর্ট যোগ্য এবং যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই, তাঁদের পুরনো চাকরিতে ফেরার সুযোগ দেওয়ার কথা বলেছিল। সেই নির্দেশের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই ৭৯ জন। তাঁদের আইনজীবীর দাবি, এসএসসির ভুল ও গাফিলতির মাশুল গুনতে হয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের।

আপার প্রাইমারির কাউন্সেলিং চলাকালীনই ৭৯ জন শিক্ষক-শিক্ষিকাকে সেই প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করা হয়ে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে মামলাকারীদের বক্তব্য বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন ৭৯ জন। কমিশনের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা।

শুনানিতে এসএসসি আদালতকে জানায়, শূন্যপদের হিসাব পর্যালোচনা করে ছ’সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে আদালতে মুচলেকাও জমা দেয় কমিশন। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *